random header image

রেইনা (২)

রেইনা (২)
ডঃ রমিত আজাদ

( রেইনা ১ এই লিংকে পাবেন )

ইংরেজিতে একটি শব্দ আছে – এর বাংলা অনুবাদ ’ কাকতালীয়’। অর্থাৎ কাক এসে তাল গাছের উপর বসল, আর সাথে সাথে একটি তাল পরে গেল। এর মানে কি এই যে কাক এসে গাছের উপর বসল বলেই তালটা পরে গেল? নাকি তালটা পরবে জেনেই কাকটা এসে বসেছিল? আসলে দুটোর কোনটাই না। কাক কাকের মত এসে বসেছে, তাল তালের মত পরেছে। তবে ঘটনা দু’টো বিচ্ছিন্ন ভাবে ঘটেছে একই সাথে। এ জন্যই এই ভাবে ঘটে যাওয়া দু’টো সমকালীন ঘটনাকে বলা হয় কাকতালীয়।
থিওরি অফ প্রোবাবিলিটির অংক পড়াতে গেলে তাসের কিছু অংক চলে আসে। ক্লাসরুমে ছাত্র যেমন থাকে ছাত্রীরাও থাকে। ছাত্ররা ৫২টি তাসের সাথে পরিচিত। ছাত্রীরা নয়। তাই ছাত্রীদের তাসগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে হয়। আমি বললাম, “আপনারা ছাত্রীরা তো তাস খেলতে পারেননা, তাই তাসের সাথে পরিচিতও নয়, আমি আপনাদের তাসের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি”।” হঠাৎ একজন ছাত্রী বলে উঠল,”আমি তাস খেলতে পারি”।” সাথে সাথে আরো কয়েকজন ছাত্রী তার সাথে সুর মেলালো। আমি অবাক হলাম। যুগ তাহলে পাল্টেছে। এখন অনেক বাঙ্গালী মেয়েও তাস খেলতে পারে।
আমার বহু বছর আগের একটি মুখচ্ছবি মনে পড়ল, ‘রেইনা’’। হ্যাঁ রেইনাও তাস খেলতে পারতো।

আজ থেকে একুশ বছর আগে যখন সোভিয়েত ইউনিয়নের জর্জিয়ায় ল্যাংগুয়েজ কোর্সের ছাত্র ছিলাম, তখন দক্ষিণ আমেরিকার মেয়ে রেইনা ছিল আমার বান্ধবী। দারুণ সুন্দরী আর অসম্ভব বুদ্ধিমতী এই মেয়েটি তাস খেলতে পারতো তুখোড়। ল্যাংগুয়েজ কোর্সের প্রথম সেমিস্টার পরীক্ষা শেষে বিশ দিনের মত ছুটি ছিল। ক্লাস যেহেতু নেই তাই কাজের কাজ কিছুই নেই। দিনের বেলায় শহরের পার্কগুলোতে ঘুরতাম। শহরে পার্ক অনেকগুলো। প্রতিটি পার্কই অপূর্ব। শহরটাতে অপরূপ পার্কগুলো সেই সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে বহুগুণে। এমনিতেই সোভিয়েতদের রুচিবোধ প্রশংসনীয়। তাছাড়া স্থাপত্যশিল্পে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘রাশান কনস্ট্রাকটিভিজম’ ১৯১৩ সালের দিক থেকে এর শুরু। রুশরা প্রতিটি ভবন নির্মাণ করতে শুরু করে এমন এক অদ্ভুত স্থাপত্য শৈলীতে যে এক একটা ভবন দেখতে হয় এক একটি ভাস্কর্যের মত। দিনের বেলায় আমাদের নগরীর এসব সৌন্দর্য দেখেই কাটতো। আর রাতে কোন কাজই থাকত না। কোন কোন রুমে চলত জমিয়ে আড্ডা আর কোন কোন রুমে চলত তাসের আসর। রেইনা তাস বেশ ভালো খেলত। তবে আমাদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় স্পেকট্রাম খেলাটি ও জানত না। খুব সম্ভবত: ওদের দেশে খেলাটির প্রচলন নেই। আমি ওকে শিখিয়ে দিলাম। দু’ একদিনের মধ্যেই দেখলাম ওর কোন জুড়ি নেই। আসরে বসলে একের পর এক গেম ওই জিতে যাচ্ছে। অনেকে বলত, “তোমর বান্ধবীকে জুয়ার আসরে বসালে, ও সবাইকে ফতুর করে ছাড়বে”।” “না ভাই জুয়াখেলার মধ্যে নেই আনন্দের জন্য খেলি”, আমি বলতাম। আর রেইনা বলত’ জীবনটিই একটা জুয়া খেলা, ভাগ্য আর বুদ্ধির সমন্বয় সাধনের অবিরাম ক্রীড়া”।

সেমিস্টার ব্রেকের ছুটি শেষ হয় এমন সময়ে ভাবলাম বড় একটা আনন্দানুষ্ঠান করা দরকার। কি করা যায়? কি করা যায়? ঠিক করলাম পিকনিক করব। সিনিয়রদের কানে কথাটা যেতে তারা হা হা করে হাসলেন বললেন, বাংলাদেশে পিকনিক হয় শীতকালে। আর এদেশে হয় গ্রীষ্মকালে। তাও তো ভালো জর্জিয়া, তুহিন শীত নয়। মস্কোতে গিয়ে দেখ মাইনাস দশ / পনের টেম্পারেচার। কিন্তু কে শোনে কার কথা। আর আমরা সবাই ১৮/১৯ বছরের টগবগে তরুণ-তরুণী ঐ বয়সের উদ্দামতায় কোন বাঁধাই বাঁধা থাকে না। যেমন ভেবেছি তেমনই করব। পিকনিক করব। ঘটা করে মিটিং করলাম। বাজেট ঠিক করলাম। দশ রুবল করে চাঁদা ঠিক করা হলো। এবার প্রশ্ন উঠল, শুধু কি আমরাই যাব? গেস্ট নেয়া যাবে না? একজন বলল ইন্ডিয়ান বাঙালী মেয়ে শর্মিলাকে নেয়া উচিত, ও তো আমাদেরই একজন। আবার দু’ একজন বলল হোক বাঙালী, ইন্ডিয়ান তো। কিছুক্ষণ বাক-বিতণ্ডার পর ঠিক হলো ওকে নেয়া হবে। এরপর বান্ধবী প্রসঙ্গ। সবাই আমার দিকে তাকালও। লিজা বলল, ”বান্ধবী অ্যালাউ করা উচিত”। অনেকেই হেসে উঠল। এরপর ঠিক করা হলো কেউ যদি বান্ধবী নিতে চায়, নেয়া যাবে। আর অনেকে ঠাট্টা করে বলল, “আর তোমরা বাঙালী মেয়েরা যদি বন্ধু নিতে চাও নিতে পারবে”।” বেশ কয়েকদিন যাবত পিকনিকের যোগাড়-যন্ত্র হলো। টাকা-পয়সা সংগ্রহ করা, প্লান-প্রোগ্রাম করা। কাকে কি দায়িত্ব দেয়া হবে ঠিক করা হলো। আমার আর রেইনার দায়িত্ব পড়ল টাকা-পয়সা সংগ্রহ ও বাজেট নিয়ন্ত্রণ। নাসিমকে দেয়া হলো বাজারের দায়িত্ব। পিকনিকের আগের দিন ওর হাতে একশত রুবল দিয়ে বাজারে পাঠালাম। ওর সাথে আরো তিনজন গেল। শকড হলাম ও ফিরে আসার পর। সন্ধ্যার দিকে ওরা ফিরে এলো। চেহারা দেখে মনে হলো বিধ্বস্ত অবস্থা। প্রশ্ন করলাম, “কি হয়েছে?”নাসিম উত্তর দিল, “বাজেট ফেল করেছে।” “সেকি বাজেট ফেল করবে কেন?” এদেশে সবই তো চুলচেরা হিসেব করা। প্রতিটি জিনিসের দামই তো আজ বহু বছর ধরে ফিক্সড । নাসিম বলল, ” মুরগীর মাংস ও দামী অনেক খাবারের আইটেমই দোকানে পাওয়া যায়নি। আমরা নিরুপায় হয়ে বাজারে যাই। আর সেখানে সব কিছুর দাম দুই থেকে তিনগুণ। ” আমরা স্তব্ধ হয়ে গেলাম। এরকম একটা ঘটনা সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নে ঘটতে পারে আমরা কখনো ভাবতেই পারিনি। আসলে ঐ ছিল সোভিয়েত অর্থনৈতিক সংকটের শুরু।

নির্দিষ্ট দিনে গেলাম পিকনিকে। দিনটি ছিল রবিবার সাপ্তাহিক ছুটির দিন। সোভিয়েত ইউনিয়নের ক্ষমতাসীন কম্যুনিস্ট পার্টি যদিও বিশ্বব্যাপী ছড়িয়েছে ধর্মহীনতার বিষবাষ্প, কিন্তু ঐ সমাজতন্ত্রের আলখাল্লায় খ্রিষ্ট ধর্মের পৃষ্ঠপোষকতা কিছুটা হলেও ছিল। তাই খ্রিষ্টানদের পবিত্র দিন রবিবারই ছিল সাপ্তাহিক ছুটির দিন। মুসলিম প্রধান রিপাবলিকগুলোকেও ঐ নিয়ম মেনে চলতে হতো।

পিকনিক স্পট আগে থেকে সিলেক্ট করা ছিল। শহরের বাইরে পাহাড়ে ঘেরা একটি ঝকঝকে পাহাড়ি হ্রদ।ক্ষেত্রফলে বিশাল বলে ওরা তার নাম দিয়েছে ”তিবিলিস্কোয়ে মোরে” অর্থাৎ তিবিলিসির সাগর। তিনটি ট্যাক্সি ভাড়া করে রওয়ানা দিলাম হ্রদের উদ্দেশ্যে। আমাদের ট্যাক্সি ড্রাইভার ছিলেন বৃদ্ধ এক ভদ্রলোক। তিনি প্রশ্ন করলেন, ” তিবিলিসি সাগর কেন? বেড়াতে যাবে?” উত্তর দিলাম , ”জ্বী”
“এটা কি ওখানে বেড়াতে যাওয়ার সিজন? ওখানে যেতে হয় গ্রীষ্মকালে।”
“আমরা তো আগে কখনো যাইনি। অনেক শুনেছি ঐ হ্রদের সৌন্দর্যের কথা। ছুটি পেলাম যাই ঘুরে আসি।”
আনন্দ করতে পারবে বলে মনে হয় না। বৃদ্ধের মুখভঙ্গি দেখে মনে হলো।
খুব মন খারাপ করছে। হয়তো ভাবছে আহা বেচারারা একটা আনন্দের জায়গায় যাচ্ছে, নিরানন্দ সময়ে।

আমাদের তখন কাঁচা বয়স। অত কিছু কি আর ভাবি। গাড়ী শহর ছাড়িয়ে বাইরে আসতেই অপরূপ প্রকৃতির শোভায় মন ভরে গেল। উঁচু উঁচু পর্বত আর তার গায়ে থরে থরে গাছ। রেইনাকে প্রশ্ন করলাম, কেমন দেখছ? ও মৃদু হেসে বলল,
ঃ তোমরা সমতল ভূমির মানুষ তাই তোমাদের জন্য এই দৃশ্য দুর্লভ। আমার কাছে কিন্তু নতুন কিছুই না। আমার বাড়ী আন্দিজ পর্বতমালার উপর। ককেশাস পর্বতমালার চাইতেও অনেক উঁচুতে। তবে পার্থক্য এই যে, এখানকার পাহাড়গুলো বন-বনানীতে ছেয়ে সবুজ। আর আমাদের পর্বতগুলো বৃক্ষহীন, কঠিন পাথরের শক্ত ভিতে একেবারেই রুক্ষ।

বৃদ্ধ ট্যাক্সি ড্রাইভার লক্ষ্য করল আমরা রুশ ও ইংরেজি মেশানো ভাষায় লক্ষ্য করছি। প্রশ্ন করল
ঃ তোমার বান্ধবী কি, তোমার দেশী নয়।
ঃ না।
ঃ তুমি কোন দেশের।
ঃ বাংলাদেশ।
ঃ তোমার বান্ধবী?
ঃ বলিভিয়া, দক্ষিণ আমেরিকা।
ঃ ও আচ্ছা, ’ ইন্ডিয়াংকা।
রশীরা ’ ইন্ডিয়াংকা বলতে নেটিভ অ্যামেরিকানদের বোঝে। আর ভারতীয়দের বলে ‘ইন্দুস’’।
কিছুক্ষণ পর ‘তিবিলিস্কোয়ে মোরে’ এসে পৌঁছালাম। আমরা গভীর আগ্রহ নিয়ে নয়নাভিরাম হ্রদটির দিকে তাকিয়ে আছি, আর এদিকে বৃদ্ধ ট্যাক্সি ড্রাইভার আক্ষেপ করে বলছে, “দেখতো কান্ড, সবকিছু বন্ধ, একটি জনমানবও নেই। শীতকালে কেউ এখানে আসে?”

আমাদের অন্যান্য বন্ধুরা আগেই পৌঁছে গিয়েছিল। আমাদের দেখে হৈ চৈ করে ছুটে এলো। বৃদ্ধ ট্যাক্সি ড্রাইভার অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবছে, কি অদ্ভুত এই তারুণ্য। শীত হোক শৈত্য হোক তারুণ্যের উন্মত্ততার কাছে কোন বাঁধাই বাঁধা নয়।

যদিও ঠাণ্ডায় কিছুটা কষ্ট হচ্ছিল। তারপরেও হৈ হুল্লোড়, হাসি- আনন্দের মধ্যে দিয়ে চমৎকার কেটেছিল দিনটি।শুধুই কি চমৎকার? বিশেষণ বোধ হয় কম ব্যবহার করলাম। তারুণ্যের উচ্ছ্বাস, প্রকৃতির স্নিগ্ধতা, রেইনার মিষ্টি চোখের তীব্র আকর্ষণ সবকিছুর সমন্বিত রূপই তো সৃষ্টি করেছিল মনে রাখার মত দিনগুলি।

চেঙ্গিস খান আর তৈমুর লঙ এর রাজ্য জয়ের নামে রক্তের হোলি খেলা, পিউরিটানিষ্ট প্রটেস্টান্টদের সাম্রাজ্যবাদের করাল গ্রাস, পলাশীর ট্রাজেডির পরপরই ভয়াবহ দুর্ভিক্ষে বিলুপ্ত হয়ে যাওয়া বাংলার এক তৃতীয়াংশ মানুষ আফ্রিকার মুক্ত বনভূমি থেকে ধরে নিয়ে এসে আমেরিকার খাঁচা বন্দি করা শত শত কালো মানুষদের হাহাকার। পৃথিবীর উপর দিয়ে দুঃস্বপ্নের মত বয়ে যাওয়া দু’দুটো বিশ্বযুদ্ধের তাণ্ডব, এই সবই ভালোবাসাহীনতার কাহিনী। কিন্তু, তার পরেও পৃথিবীতে ভালোবাসা আছে। গ্রীস ও ট্রয়ের নিষ্ঠুর যুদ্ধে মধ্যেও একিলিস ও ব্রিসেইস এর মধ্যে প্রেম হয়েছিল।

আমার ও রেইনার দু’জনেরই তখন কাঁচা বয়স। ম্যাচুরিটি বলতে যা বোঝায় সেটা তখনও আসেনি। পরবর্তী জীবনে বুঝতে পেরেছিলাম, ম্যাচিউরড্ মানব-মানবীর সম্পর্কের মধ্যে ডোমিনেটিং হয় দেহের তাপ। আর ঐ বয়সে আমাদের দু’জনার সম্পর্কের মধ্যে ছিল হৃদয়ের উত্তাপ।
কিছুদিন পরের কথা। আফসানার জন্মদিন। আমরা আগে থেকেই জানতাম। বিদেশ – বিভুয়ে, এই প্রথম ও পিতা-মাতা, আত্মীয়-পরিজনহীন জন্মদিন পালন করবে। ওর মনে যেন কোন কষ্ট না হয় আমরা সেই চেষ্টাই করব।

আপনজনদের অভাব যেন ও বুঝতে না পারে সেই প্রচেষ্টাই থাকবে আমাদের। শীত গড়িয়ে তখন বসন্ত আসবে আসবে করছে। শীত আর বসন্তের পার্থক্য কতটুকু বাংলাদেশে এটা বোঝা যায় না। ইউরোপে এই ব্যবধান তীব্র। শীতে যেখানে পুরো দেশটা বরফে ঢেকে যায়, পাহাড়-নদী, গাছপালা এমনকি মানবকুলও তুহিন শীতে জমাট বেধে যায়। বসন্তে সেখানে বাতাসের উষ্ণতা, কোকিলের কণ্ঠের মতই সুমধুর হয়ে ওঠে। পত্র-পল্লবহীন গাছগুলোর নেড়া ডালপালা থেকে একটু একটু করে কিশলয় উঁকি দিতে থাকে। সেই সবুজের মমতার ছোঁয়া মানুষের মনকে যে কতটুকু উৎফুল্ল করে তুলতে পারে, ইউরোপে বসন্ত না কাটালে তা কখনোই হৃদয়ঙ্গম করা যাবে না। আমরা বাংলাদেশীরা ভাগ্যবান চির সবুজ দেশে আমাদের জন্ম। যারা কোনদিনই শৈত্যপ্রবাহের ইউরোপ অথবা রুক্ষ মরুভূমির মধ্যপ্রাচ্য দেখেনি, সবুজের রিক্ততার বেদনা তারা কোনদিনই বুঝতে পারবে না। তাই আমরা গাছের মর্যাদা বুঝিনা। বিনা কষ্টে, বিনা খরচে পাওয়া বৃক্ষরাজির ধ্বংসযজ্ঞে আমাদের উৎসাহের ভাটা পরে না। যাহোক, বসন্তের উৎফুল্লতায় আমরা মহা আনন্দে আফসানার জন্মদিনের উৎসবের যোগার-যন্ত্র শুরু করলাম সকাল থেকেই। কেউ বাজার করল, কেউ রান্না করল, কেউ ঘর সাজালো। সবার এত মমতা দেখে, অভিমানী আফসানাও আনন্দে কেঁদে ফেলল, “তোমরা আমাকে এত ভালোবাসো!” আসলে বিদেশের মাটিতে আসলে সবাই সবার খুব আপন হয়ে যায়। আমি আফসানাকে বললাম, “কেক কাটার অনুষ্ঠানে রাজকুমারীর মত সেজে হাজির হয়ো”। আফসানা কপট হেসে বলল,
ঃ তোমার বান্ধবী রেইনার মতো সুন্দরীতো আর আমি নই। রাজকুমারী সাজব কি করে?
ঃ আফসানা, যার হৃদয়ে তুমি আছো, তার কাছে তুমি কেবল রাজকুমারীই নও একেবারে মনের রাণী।
ঃ উপহাস করোনা তো। আমি এখনও কারো মনের রাণী নই।
ঃ তুমি তো জান এদেশে বাংলাদেশী ছাত্রী কম। তাই ছাত্রদের সব সময়ই নজর থাকে জুনিয়র ছাত্রীদের দিকে।
ঃ না, থাকে না। তোমরা বাংলাদেশী ছাত্ররা বড় ত্যাঁদড়, তাকাও কেবল বিদেশিনীদের দিকে।

আমি একটু দমে গেলাম। আমি জানি, শুধু বাংলাদেশী না, অন্যান্য দেশের ছাত্রদের মধ্যেও এই দৃষ্টিভঙ্গি দেখেছি, দেশী মেয়ে তো দেশেই কত আছে। বিদেশে যতদিন আছি, ততদিন বিদেশিনীদের সান্নিধ্যই উপভোগ করি। তবে আমি তো সেই দৃষ্টি দিয়ে রেইনার দিকে তাকাইনি। আফসানা কি তা বোঝে না? আফসানা বোধ হয় আমার মনের কথা বুঝতে পারলো।
ঃ থাক থাক মন খারাপ করোনা। আমি তোমাকে মিন্ করছি না। এবার বলতো কি পড়লে আমাকে ভালো লাগবে?
ঃ শাড়ী। বাঙালী মেয়েদের শাড়ীতেই সব চাইতে সুন্দর মানায়।
সন্ধ্যার দিকে বেশ আয়োজন হলে।

হোস্টেলে ’ ইন্টারক্লুব’ নামে একটা জায়গা আছে এর অর্থ ক্লাব বলা যায়। আমরা বাংলাদেশী বাঙালীরা তো ছিলামই, তাছাড়া কিছু ইন্ডিয়ান এবং আফসানার গ্রুপমেইট অন্যান্য বিদেশীরাও ছিল। ইন্টারক্লুবে কিছু জর্জিয়ান ও রুশ মেয়ে ছিল, তাঁরা ইউনিভার্সিটির সিনিয়র ছাত্রী। আমাদের ভাষা শিক্ষায় সাহায্য করতেন তাঁরা। তাঁরাও এসেছিলেন আফসানার জন্মদিনে। অনুষ্ঠানটি শুরু হয়েছিল এইভাবে। সন্ধ্যার দিকে সবাই উপস্থিত হলাম ইন্টারক্লুবে। একটু পরে যার জন্য এই সব আয়োজন সেই আফসানা প্রবেশ করল ক্লাবের দরজা দিয়ে। ওর সাজ-পোশাক হঠাৎ করেই যেন সবার চোখ ধাঁধিয়ে দিল। নীল রঙের উপর নানান কারুকাজ খচিত চমৎকার একটি শাড়ী পড়েছে আফসানা। আফসানাকে আগে আমরা নানা পোষাকে দেখেছি। ইউরোপীয় সমাজের প্রভাব ও আবহাওয়ার কারণে আধুনিক পোষাকেই ওকে দেখেছি বেশী। মাঝে মাঝে সালোয়ার-কামিসেও দেখেছি। কিন্তু শাড়ীতে দেখলাম এই প্রথম। আমার কথাই ঠিক মনে হলো। বাঙালী মেয়েদের শাড়ীতেই সব চাইতে বেশী মানায়।

ঃ চমৎকার তোমাদের এই পোশাকটি!
আমার পাশ থেকে বলে উঠল রেইনা।
ঃ তাই?
ঃ হ্যাঁ। এই পোষাকে একজন নারীকে, নারী বলেই মনে হয়।
ওর দিকে তাকালাম আমি, চমৎকার বলেছো তো। এরকম ভাবে তো কখনো ভাবিনি। তাইতো নারী নারীর মত হবে, পুরুষ পুরুষের মত হবে। নারী পরবে নারীর পোশাক। পুরুষ পরবে পুরুষের পোশাক। নারী যদি পুরুষের পোশাকই ব্যবহার করতে শুরু করে আর পুরুষের মত খাটো করে চুল ছাটে, তবে কি নারীর কমনীয়তা তার মধ্যে থেকে হারিয়ে যাবে না? নারী পুরুষে পার্থক্যই যদি না থাকে তবে নারী পুরুষের আকর্ষণই বা থাকবে কি করে।

রেইনার শিরায় কয়েক হাজার বছরের পুরাতন সভ্যতার স্রষ্টা ইনকাদের রক্ত আর মুখে স্প্যানিশ ভাষা। ব্রিটিশ শাসনের ইতিহাস পড়ে সাম্রাজ্যবাদীদের প্রতি চাপা ক্রোধ আমার মনে সবসময়ই জ্বলত। রেইনাকে বলতাম, ” সাম্রাজ্যবাদীদের ভাষা তোমাদের মুখে কেন? ওটাকে ছুঁড়ে ফেলতে পারো না?” রেইনা হেসে বলত, ”মানুষ অপরাধ করে, ভাষা অপরাধ করে না। ভাষার উপর রাগ রাখতে নেই। সব ভাষাতেই রচিত হয়েছে শাশ্বত অনুভূতির কাব্য। ফর ইওর বেটার ইনফরমেশন, আমি কেচুয়া ভাষাও পারি”। কেচুয়া বলিভিয়ার প্রাচীন ভাষা।
আমাদের মধ্যে কথোপকথন হতো বিদেশী ভাষায় কিন্তু আমরা এত বেশী ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলাম আর আমাদের আলোচনার গভীরতা এত বেশী হয়ে গিয়েছিল যে মাঝে মাঝে মনে হতো ওর মুখে যেন বাংলা কথাই শুনছি। আফসানার অভিযোগ কতটুকু সত্যি, আমরা দেশিনীদের নিয়ে উচ্ছ্বাস করি না, আর বিদেশিনীদের নিয়ে উন্মত্ত হয়ে যাই। দেশের বাইরে এসে, অর্ধেক পৃথিবীর মানুষের সান্নিধ্যে এসে একটি সত্য আমি উপলব্ধি করতে পেরেছি – দেশ-বিদেশ আমাদের সঙ্কীর্ণ দৃষ্টি ও ক্ষমতা লিপ্সার অস্বস্তিকর সৃষ্টি মাত্র। পৃথিবী নামক এই গ্রহটির সমগ্রটাই আমাদের দেশ। মানব-মানবীর বিশুদ্ধ অনুভূতিগুলো ও হৃদয়- বোধে জাতি-ধর্ম-বর্ণের বাধা পেরিয়ে অভিন্ন ও এক সত্তায় লীন।

বাগেবী স্টুডেন্টস টাউনের ডরমিটরির তিনতলায় ব্যালকনি থেকে ককেশাসের ঢালে ঢালে গড়ে ওঠা তিবিলিসি শহরের অসংখ্য বাতির তীব্র আলোর ঝলমলানি স্বপ্নপূরী রচনা করে। সেই স্বপ্নপূরীর সামনে আমরা একে অপরের হাত ধরে বসে থাকি। রেইনা কবিতা ভালোবাসে, মাঝে মাঝে স্প্যানিশ ভাষায় কিছু কবিতা আমাকে শোনায়। আমি বেশী ভালোবাসি গান, তই আমার গানের কলি মনে পড়ে, কবিতা পড়ার প্রহর এসেছে, রাতের নির্জনে .. .. .। নারীদেহের রূপ লাবণ্য যদি নিখুঁত ও পরিমিত হয়। যে কোন পুরুষই তখন সেই সৌন্দর্যরে তপ্ত মাধুর্য অনুভব করতে চায়। মেয়েরা তাদের সহজাত দৃষ্টি – বুদ্ধি দিয়ে সেদিক থেকে সাবধানী থাকে। তবে এ সবই পরিণত বয়সের দাবী। আমাদের দু’জনের কেউই তখনো পরিণত নই। রুশরা প্ল্যাসিড, বড় শান্ত। কিন্তু সাউথ আমেরিকানরা উচ্ছল।

রাত তখন গভীর। ডরমিটরির করিডোরে লাইটস আউট হয়ে গেছে অনেক আগেই। বেশীরভাগ ছাত্র-ছাত্রীই ঘুমিয়ে পড়েছে। রাতের আকাশের তারাগুলো সরে সরে নতুন দৃশ্যপট রচনা করছে। ডরমিটরির ব্যালকনির সেই স্বপ্নপূরীর আলো-আঁধারির রহস্যময়তার মধ্যে মুখোমুখি বসে আছি আমরা দু’জন। রেইনা পূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। সেই দৃষ্টির গভীরে দেখলাম; এতদিন কার বয়ে যাওয়া ঝড় যেন থেমে যাওয়ার আশংকায় আছে। সেই আশংকা তখনো আমাকে ছোঁয়নি। আমি ভাবছি আমার সামনে একটি পূর্ণ প্রস্ফুটিত ম্যাগনোলিয়া অথবা তিবিলিসির পার্ক-পাবেদী (ভিক্টরি পার্ক) তে দেখা নাম না জানা ম্যাজেন্টা রঙের পুষ্প।
ঃ তুমি কি উদ্বিগ্ন নও?
রেইনা প্রশ্ন করল।
ঃ কিসের উদ্বেগ?
ঃ বসন্ত গড়িয়ে এখন গ্রীষ্মকাল চলে এসেছে।
ঃ ভালো কথা বসন্তের পরে, গ্রীষ্ম তো আসবেই।
ঃ তুমি বুঝতে পারছ না। আমাদের ল্যাংগুয়েজ কোর্স শেষ হওয়ার পথে।
আচমকা বজ্রপাত হলো আমার বুকে।

জুন মাসে দ্বিতীয় সেমিস্টারের শেষ।
কোর্স ফাইনাল পরীক্ষা হয় এই মাসে। পরীক্ষার প্রস্তুতি নিলাম মনোযোগ দিয়ে। রেইনাও খুব খাটাখাটনি করল। পরীক্ষার ফলাফল দু’জনেরই শুভ হলো। দু’জনই এক্সিলেন্ট গ্রেড পেলাম। পরীক্ষার ফলাফল সেলিব্রেট করার জন্য বেশ একটা হৈ চৈ। যাদের ফল ভালো হয়েছে তারা তো অবশ্যই খুশী। যাদের ফল মোটামুটি তারাও দুঃখিত নয়। ল্যাংগুয়েজ কোর্সে পাশ করাটাই বড় কথা। পাশ করতে পারলেই, তুমি সুযোগ পাবে বিশ্ববিদ্যালয়ের মূল কোর্সে পড়ার। যা আমাদের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন। ছোট বেলায়, বড় বোনের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতাম। তিনি তখন সেখানকার ছাত্রী ছিলেন। অপরাজেয় বাংলার সামনে দাঁড়িয়ে মনে হত, বিশ্ববিদ্যালয়ের মানে মাথা নত না করা। বিশ্ববিদ্যালয় চত্বরে হাঁটতাম আর ভাবতাম, কবে ছাত্র হিসাবে বিশ্ববিদ্যালয় চত্বরে হাটতে পারব?

(চলবে)

১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৭ টি মন্তব্য

  1. মামুন (২০০২-২০০৮)
       মার্চ ৮, ২০১১ at ৭:৩১ পুর্বাহ্ন |

    :clap: :clap:
    বরাবরের মতই অসাধারন হইছে ভাইয়া।পরের পর্বের অপেক্ষায় রইলাম।

    [ জবাব দিন ]

    ড. রমিত আজাদ (৮২-৮৮)
        মার্চ ৮, ২০১১ at ৮:২২ পুর্বাহ্ন |

    ধন্যবাদ। পরের পর্বের জন্য একটু ধৈর্য ধরতে হবে।

    [ জবাব দিন ]

  2. মইনুল (১৯৯২-১৯৯৮)
       মার্চ ৮, ২০১১ at ৭:৪৮ পুর্বাহ্ন |

    রমিত ভাই …… পর পর দুইটা পর্ব একই বিন্দুতে শেষ করলেন। খুবই আনফেয়ার :( :(

    [ জবাব দিন ]

    ড. রমিত আজাদ (৮২-৮৮)
        মার্চ ৮, ২০১১ at ৮:২৩ পুর্বাহ্ন |

    মইনুল, জীবন কিন্তু এরকমই।

    [ জবাব দিন ]

  3. মান্নান (১৯৯৩-১৯৯৯)
       মার্চ ৮, ২০১১ at ৯:৫৮ পুর্বাহ্ন |

    আপনার সিরিজটা খুব ভালো লাগছে ভাইয়া। সোভিয়েত ইউনিয়ন নিয়ে আমার মধ্যে একধরনের অদ্ভুত কৌতুহল সব সময় আছে। পোল্যান্ডে কিছুদিন কাটিয়েছি। যদিও বর্তমান পোল্যান্ড আর কমুনিষ্ট পোল্যান্ড একেবারেই ভিণ্ন তবু বয়স্ক পোলিশদের মাঝে মাঝে নষ্টালজিক হয়ে যেতে দেখেছি। আপনার লেখায় সেই সময়ের অনেক কিছু পাবো নিশ্চয়ই । আর আপনার কাহিনী , জীবনদর্শন, ভিন্ন সংস্কৃতি দর্শন খুব ভালো লাগছে।

    [ জবাব দিন ]

    ড. রমিত আজাদ (৮২-৮৮)
        মার্চ ৯, ২০১১ at ১০:১৫ পুর্বাহ্ন |

    ধন্যবাদ মান্নান

    [ জবাব দিন ]

  4. ফয়েজ (৮৭-৯৩)
       মার্চ ৮, ২০১১ at ১১:২১ পুর্বাহ্ন |

    দূর, কাহিনী একখানেই ঘুরপাক খাইতেছে, ল্যাংগুয়েজ কোর্স শেষে আলাদা হইয়া যাইব, আলাদা হইয়া যাইব, কোর্সও শেষ হয়না, আলাদাও আর হয় না।

    উপন্যাসেই আলাদা হইতে এত ভয়, বাস্তবে জীবনে না জানি কি হইছিল :D

    [ জবাব দিন ]

    ড. রমিত আজাদ (৮২-৮৮)
        মার্চ ৯, ২০১১ at ১০:১৬ পুর্বাহ্ন |

    ফয়েজ, আলাদা হলে কি ভালো হবে?

    [ জবাব দিন ]

  5. রকিব (০১-০৭)
       মার্চ ৮, ২০১১ at ১০:২৫ অপরাহ্ন |

    :thumbup: :D দারুন চলছে রমিত ভাই।
    পরের পর্বের অপেক্ষায় রইলাম!!
    অফটপিকঃ আ্পনার গল্পে ডিটেইলিং ব্যাপারটা বেশ ভালো লাগে।

    [ জবাব দিন ]

    ড. রমিত আজাদ (৮২-৮৮)
        মার্চ ৯, ২০১১ at ১০:১৭ পুর্বাহ্ন |

    ধন্যবাদ রকিব।

    [ জবাব দিন ]

  6. রাব্বী (৯২-৯৮)
       মার্চ ৯, ২০১১ at ৪:০৯ পুর্বাহ্ন |

    রমিত ভাই, আপনার রেইনা সিরিজটা ভাল লাগছে। পাঠক ব্যতিব্যস্ত করলেও ল্যংগুয়েজ কোর্সটা দ্রুত শেষ করেন না। ভাষাটা ভাল মতো শিখে নেন। :)

    [ জবাব দিন ]

    ড. রমিত আজাদ (৮২-৮৮)
        মার্চ ৯, ২০১১ at ১০:২০ পুর্বাহ্ন |

    তবে তাই হোক।
    ল্যংগুয়েজ কোর্সটা খুব ইমপর্টেন্ট। আমরা যেমন ক্যাডেট জীবন ভুলতে পারিনা, তেমনি সোভিয়েত গ্র্যাজুয়েটরা ল্যংগুয়েজ কোর্স-এর দিনগুলো ভুলতে পারেনা।

    [ জবাব দিন ]

      ফয়েজ
        মার্চ ৯, ২০১১ at ৫:৩৮ অপরাহ্ন |

    ঐ কচুপাতা, তুমি এই কোর্স কই কর ;)) ;))
    গ্রেড কি তোমার? ;;)

    [ জবাব দিন ]

  7. জুনায়েদ (০৪-১০)
       মার্চ ৯, ২০১১ at ৩:৩৪ অপরাহ্ন |

    অসাধারণ, অনেক দিন ধরে এটার জন্য অপেক্ষা করেছি,তৃতীয় পর্ব আরো তাড়াতাড়ি চাই

    [ জবাব দিন ]

    ড. রমিত আজাদ (৮২-৮৮)
        মার্চ ১১, ২০১১ at ১২:০৫ পুর্বাহ্ন |

    তৃতীয় পর্ব এখনো লিখিনি, তবে আইডিয়াটা মাথায় আছে। লিখে ফেলবো।

    [ জবাব দিন ]

  8. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)
       মার্চ ১১, ২০১১ at ১২:১৩ পুর্বাহ্ন |

    গল্পটা রোমান্টিক জেনরির। আমার পছন্দের একটা শাখা। রমিত ভাই – সিরিজখেলাপী হইয়েন না।

    [ জবাব দিন ]

    ড. রমিত আজাদ (৮২-৮৮)
        মার্চ ১১, ২০১১ at ৮:১৪ পুর্বাহ্ন |

    ধন্যবাদ। সিরিজখেলাপী হব না।

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard