random header image

রেড বুক

একটি ভালো মানের ব্লগ নির্মাণে আমরা বদ্ধপরিকর। সেটা যেন ক্যাডেট কলেজের প্রতিচ্ছবি হয়ে উঠতে পারে। এ কারণেই ব্লগে লেখার ধরণটা কেমন হওয়া উচিত সে বিষয়ক নীতিমালা একটা আলাদা পাতায় দেয়া হয়েছে। নতুন যারা এই ব্লগের অবদানকারী হবেন তাকে কিছু দিক নির্দেশনা দেয়ার জন্যই এই পাতাটি করা হয়েছে। একজন নতুন অবদানকারী এই নির্দেশনাগুলো মেনে নিয়মিত লিখতে থাকলেই তাকে লেখক করে নেয়া হবে। অবদানকারী হিসেবে দেয়া পোস্টগুলো মডারেশনের পর ব্লগে আপলোড করা হবে। কিন্তু লেখকরা নিজেদের ব্লগ নিজেরাই আপলোড করতে পারবেন। এই পদ্ধতিটা ব্লগের ভালোর জন্যই করা হচ্ছে। কারণ সম্পূর্ণ উন্মুক্ত হলে ব্লগের মান অনেক কমে যায়। অনলাইনে জনপ্রিয় কয়েকটি ব্লগ দেখলেই বোঝা যায় এ ধরণের মডারেশন কতোটা জরুরী। সবাই আশাকরি বিষয়টা ইতিবাচক হিসেবে নিবেন। তাই সরাসরি নির্দেশনাতে প্রবেশ করছি।

লেখক হতে হলেঃ

# লেখক হওয়ার জন্য আপনাকে প্রথমেই রেজিস্ট্রেশন করে এই ব্লগের সদস্য হতে হবে। শুধু মাত্র যারা এক্স ক্যাডেট কেবল মাত্র তারাই এই ব্লগের সদস্য হতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় কলেজ সংক্রান্ত সকল তথ্য সঠিক প্রদান করা বাধ্যতামুলক। তবে কেউ অনিচ্ছুক হলে শুধুমাত্র আসল নাম গোপন করে তার পরিবর্তে কোন ছদ্মনাম ব্যবহার করতে পারেন। সদস্য রেজিস্ট্রেশনের পর কারো ক্ষেত্রে যদি প্রমাণিত হয় তিনি এক্স ক্যাডেট নন তাহলে ব্লগ কর্তৃপক্ষ যে কোন সময়ে তার সদস্য পদ বাতিল করার পূর্ণ অধিকার রাখেন। ব্লগে মন্তব্য করার ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নেই। যে কেউ ব্লগ পড়তে এবং মন্তব্য করতে পারবেন। রেজিস্ট্রেশন ও অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য নভিসেস ড্রিল পাতার এই অংশে পাবেন।

# ক্যাডেট এবং এক্স ক্যাডেট ব্যতীত ক্যাডেট কলেজ সংশ্লিষ্ট কোন কোন ব্যক্তিকে ব্লগ কর্তৃপক্ষ বিবেচনা সাপেক্ষে অতিথি সদস্যপদ দিতে পারেন।

লিখবেন কিভাবে?

# আপনার কম্পিউটারে প্রথমেই বাংলা সেটআপ করতে হবে। বাংলা দেখতে কোন সমস্যা হলে এই ব্লগের Bangla problem? পাতায় যান। সেখানে এ ব্যাপারে বিস্তারিত নির্দেশনা দেয়া আছে।

# দয়া করে এম এস ওয়ার্ডের লেখা এখানে পেস্ট করবেন না। হয় নোটপ্যাডে লিখুন, নয়তো সরাসরি ব্লগের এডিটরে লিখুন। এ বিষয় বিস্তারিত নির্দেশনা “নভিসেস ড্রিল” পাতার এই অংশে দেয়া আছে।

# বাংলায় কিভাবে লিখতে হবে সে নির্দেশনাও নভিসেস ড্রিল পাতার ব্লগ লিখন অংশে দেয়া আছে।

লেখা কিভাবে প্রকাশ করবেন?

এই ব্লগে রেজিস্টার করার সাথে সাথে একজন অবদানকারী হিসেবে আপনি নিবন্ধিত হবেন। অবদানকারীরা (contributor) সরাসরি ব্লগ আপলোড করতে পারবেন না। এজন্য আপনাকে মডারেশনের জন্য জমা দিতে হবে। তাই ব্লগ এডিটরে ব্লগ লেখার পর বা নোটপ্যাড থেকে এডিটরে ব্লগ পেস্ট করার পর অবশ্যই মডারেশনের জন্য সংরক্ষণ করুন। এ বিষয়ক নির্দেশনা নভিসেস ড্রিল পাতার এই অংশে দেয়া আছে।

নীতিমালা

নীতিমালা বলতে আমরা আবার অবশ্য পালনীয় কিছু বুঝাচ্ছিনা। নতুন ব্লগ পোস্ট করা এবং মন্তব্য করার ক্ষেত্রে কিছু পরামর্শ দিচ্ছি মাত্র। সবগুলো পরামর্শই এই ব্লগটির উত্তোরত্তর সমৃদ্ধির জন্য। মেনে চললে আমাদেরই লাভ। কারণ আমরা চাই একটা ভালো মানের ব্লগ যা এক্স-ক্যাডেট সম্প্রদায়কে অনুপ্রাণিত করবে এবং সবাইকে অন্তর্ভুক্ত করতে সমর্থ হবে।

ব্লগ লেখার ধরণ এবং বিষয়বস্তু:

১। ব্লগ লেখার ভাষা অবশ্যই বাংলা হতে হবে। পাশাপাশি এক, দুই লাইনের ব্লগ লেখা থেকেও সবাইকে অনুৎসাহিত করা হচ্ছে। আমরা চাচ্ছি লেখক সময় নিয়ে যেমন তার লেখাটা লিখবেন একই ভাবে পাঠকরাও সময় নিয়ে তা’ পড়ে মুল্যায়ন করবেন।

২। লেখার বিষয়বস্তু নিয়ে কোন বাধ্যবাধকতা নেই। যেকোন বিষয় নিয়ে লেখার পূর্ণ স্বাধীনতা আপনার রয়েছে।

৩। বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব, সংস্কৃতি, মুক্তিসংগ্রাম ও অসাম্প্রদায়িকতার মতো বিষয়গুলিকে আক্রমণ করে লেখা পোস্ট, মন্তব্য বা অন্যান্য উপাদান মডারেটরবৃন্দ যে কোন সময় অপসারণ করতে পারেন।

৪। অন্য কারও বিশ্বাসকে কটাক্ষ করে কিছু লেখা যাবে না। অন্য কারও বিশ্বাসকে আঘাত না করে নিজের বিশ্বাসের কথা লেখা যাবে। তবে, অবশ্যই নিজের বিশ্বাসের প্রচারণামূলক কোন লেখা প্রকাশ করা যাবে না। রাজনৈতিক প্রচারণাও তাই নিষিদ্ধ।

৫। কলেজ সংশ্লিষ্ট স্মৃতিচারণে বা ঘটনা বর্ণনার ক্ষেত্রে পাত্র পাত্রীদের আসল নাম ব্যবহার না করে ছদ্মনাম ব্যবহার করুন।

৬। স্ল্যাং ঘটনা বা কাহিনী ক্যাডেট জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। কোনভাবেই ক্যাডেট জীবন থেকে এটাকে আলাদা করা সম্ভব নয়। ব্লগ লেখা যাবে সেসব বিষয় নিয়েও। তবে আমরা জোর দিচ্ছি তুলনামুলকভাবে স্পর্শকাতর এই বিষয়গুলো উপস্থাপনের ক্ষেত্রে ভাষার ব্যবহার নিয়ে। এধরণের বিষয়গুলো লেখার সময় লেখককে যে কথাটা মাথায় রাখতে হবে তা হচ্ছে ভাষাগতভাবে লেখাটি যেন কোনভাবেই অরুচিকর বা অশ্লীল না হয়ে যায়, বরং সুখপাঠ্য হয়। এ ধরণের ব্লগের ক্ষেত্রে কোনটার ব্যাপারে যদি মডারেটরদের মনে হয় ভাষাগত ব্যবহারের ক্ষেত্রে তা তাদের নির্ধারিত মানদন্ড অতিক্রম করতে পারছেনা সে ক্ষেত্রে তারা ব্লগটি মডারেট বা পুরোপুরি মুছে দেবার অধিকার রাখেন। তবে উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট লেখককে তা’ অবহিত করা হবে।

৭। অন্য কোথাও থেকে (আন্তর্জাল বা প্রিন্ট) কোন লেখার অংশবিশেষ বা সম্পূর্ণ লেখা ব্যবহার করতে হলে সেই লেখার উৎস এবং লেখকের নাম উল্লেখ করতে হবে। কোন উদ্ধৃতি বা রেফারেন্সের ক্ষেত্রেও এই নিয়েম প্রযোজ্য হবে। যেসব লেখার স্বত্ত্ব সংরক্ষিত সেগুলোর ক্ষেত্রে লেখক বা স্বত্ত্বাধিকারীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে।
তবে সিসিবি যেহেতু একটি অলাভজনক এবং অবানিজ্যিক প্রকল্প তাই, এখানে কপিরাইটের কিছু নিয়ম শিথিল করা হচ্ছে। যেমন, বিভিন্ন বানিজ্যিক মাধ্যমে প্রকাশিত লেখা অনুবাদের ক্ষেত্রে উক্ত লেখার স্বত্ত্বাধিকারীর অনুমতি না নিলেও চলবে, যদি অনুমতির সাথে অর্থের ব্যাপার জড়িত থাকে। কারণ যেকোন বানিজ্যিক মাধ্যমই তাদের লেখার অনুবাদ বা অন্যান্য ব্যবহারের জন্য মোটা অংকের অর্থ দাবী করে। সেই নিয়ম মেনে চলতে গেলে বাংলা ভাষায় আর কোন কিছুরই অনুবাদ করা যাবে না। তাই সিসিবি-তে প্রকাশিত এ ধরণের লেখাগুলোকে “Fair use rationale” এর অধীনে কপিরাইটভুক্ত করা যাবে। তবে সেক্ষেত্রে অবশ্যই লেখার সাথে উৎস ও লেখকের নাম এবং অনুমতি না নেয়ার ব্যাপারটি উল্লেখ করতে হবে।

৮। কেউ একাধিক ছদ্মনাম বা নাম ব্যবহার করে ব্লগে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে প্রমাণ পাওয়া গেলে তার সবগুলো নাম বা ছদ্মনাম বাতিল করা হবে, অর্থাৎ তার সবগুলো নামের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে।

৯। অন্য কাউকে আক্রমণ করে কিছু বলা যাবে না। এমন কিছু করলে ব্লগ কর্তৃপক্ষ আক্রমণকারীর উক্ত লেখা বা মন্তব্য মুছে ফেলতে পারবেন। এছাড়া কেউ আক্রান্ত বোধ করলে ব্লগ কর্তৃপক্ষকে জানাতে বলা হল। সেক্ষেত্রে অভিযোগ পর্যালোচনা করে যথোপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

১০। কেউ রেডবুকের উপর্যুক্ত নীতিমালের কোন একটি বা একাধিক বা সবগুলো ভঙ্গ করলে ব্লগ কর্তৃপক্ষ উক্ত ব্লগারের লেখা প্রথম পাতা থেকে অপসারণ করতে পারবে, উক্ত ব্লগারের প্রথম পাতায় ব্লগ প্রকাশের অধিকার হরণ করতে পারবে বা ব্লগারকে বিভিন্ন মেয়াদে বা চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করতে পারবে। এক্ষেত্রে ব্লগ কর্তৃপক্ষ কোন কারণ দর্শাতে বাধ্য থাকবে না।

মন্তব্য করার ক্ষেত্রে:

* ব্লগের প্রাণ হল মন্তব্য। এটি আছে বলেই ব্লগ জিনিসটা স্বকীয়। তাই সব সময় চেষ্টা করুন মন্তব্যের মাধ্যমে অন্যকে উৎসাহিত করার। মন্তব্য দেখে কষ্ট পেয়ে কেউ যেন অচল না হয়ে পড়ে।

* মন্তব্য অবশ্যই বাংলায় করতে হবে। ইংরেজি বা অন্য ভাষায় করা মন্তব্য প্রকাশের নিশ্চয়তা দেয়া হচ্ছে না।

* কোন নির্দিষ্ট কলেজের প্রতি বিদ্বেষবশত কোন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

* স্বাধীনভাবে নিজের মত প্রকাশের স্বাধীনতা আপনার আছে। তবে সেই স্বাধীনতা ব্যবহার করতে গিয়ে অন্যকে আক্রমণ করবেন না।

* একজন লেখক তার পোস্টে অন্য কারও লেখা মন্তব্য মুছে ফেলতে পারবেন না। আপত্তিকর মনে হলে আপনি মন্তব্যের মাধ্যমে তা জানাতে পারেন।

পোস্ট এবং কমেন্ট মডারেশনের ক্ষেত্রে:

১। অবদানকারীরা সরাসরি পোস্ট করতে পারবেন না। প্রথমে কিছুদিন তাদের পোস্ট মডারেশনের জন্য দিতে হবে। মডারেশন বলতে এখানে ভাষাগত বানান ভুল এবং ফরম্যাটিং সম্পর্কিত সম্পাদনা বোঝানো হয়েছে। মডারেশনের ক্ষেত্রে লেখকের মুল লেখায় ততক্ষণ পর্যন্ত হাত দেয়া হবেনা যতক্ষণ পর্যন্ত তা’ উপরে উল্লেখিত বিষয়গুলো সঠিকভাবে মেনে লেখা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে মডারেটররা লেখার বিষয়বস্তু সম্পাদনা করতে পারেন তা উপরে বর্ণনা করা হয়েছে।

২। একজন অবদানকারী ব্লগ সংশ্লিষ্ট নিয়ম কানুন এবং ফরম্যাটিং এর ব্যাপারগুলোতে অভ্যস্ত হয়ে গেলে তাকে লেখক করে নেয়া হবে। তখন তিনি নিজের পোস্ট সরাসরি প্রকাশ করতে পারবেন। এই অভ্যস্ততার মাপকাঠি হিসেবে ন্যুন্যতম দশটি ব্লগ লেখাকে আমরা প্রমাণ হিসেবে ধরে নিচ্ছি। তবে ক্ষেত্রবিশেষে এর কম বা বেশিও হতে পারে।

৩। কমেন্ট মডারেশন বলতে এখানে কমেন্ট এর বিষয়বস্তু মডারেশন বোঝানো হচ্ছেনা কোনভাবেই। তবে স্প্যামিং প্রতিরোধে রেজিস্টার্ড সদস্য বা অতিথি দুজনেরই প্রথম করা কমেন্ট প্রকাশ করার জন্য মডারেটরদের সম্মতি লাগবে। এর পর থেকে তাদের কমেন্ট সরাসরি ব্লগে প্রকাশিত হবে।কোন ধরণের সম্মতির প্রয়োজন হবেনা।

আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।